যৌতুক ও পারিবারিক কলহের জেরে নারায়ণগঞ্জের ফতুল্লায় মমজাত বেগম নামে এক নারীকে হত্যার অভিযোগে তার স্বামীকে আটক করেছে পুলিশ। সোমবার (২১ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১০টার দিকে ফতুল্লার শাসনগাঁও এলাকায় ওই নারীকে আঘাত করে হত্যা করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে।
এ সময় আটক করা হয় নিহতের স্বামী আতাউর রহমানকে। আটককৃত আতাউর রহমান (৩৮) রংপুরের কোতয়ালী থানার টেকপাড়া এলাকার সাধু মিয়ার ছেলে। নিহত মমতাজ বেগম (৪৫) এনায়েত নগর ইউনিয়নের শাসনগাঁও এলাকার বশির উদ্দিনের মেয়ে। তার একটি কন্যাসন্তান রয়েছে।
ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক রাশেদুল ইসলাম জানান, প্রাথমিকভাবে জানা গেছে, দীর্ঘদিন ধরে স্ত্রীর কাছে যৌতুকের টাকা চেয়ে আসছিল স্বামী আতাউর। এ নিয়ে তাদের মধ্যে পারিবারিক কলহ চলছিল। একপর্যায়ে মমতাজ বেগমকে হত্যা করেছে তার স্বামী। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তবে কী দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে তা জানা যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বলা যাবে কী দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় নিহতের স্বামী আতাউর রহমান (৩৮)কে আটক করা হয়েছে। থানায় হত্যামামলা দায়েরের প্রস্তুতি চলছে।